জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঁচ রানে জয় পেয়েছে আয়রল্যান্ড। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব ক'টি উইকেট হারিয়ে ৪৯ ওভার তিন বলে ৩২৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
টসে জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। টুর্নামেন্টের ৩০ তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে খেলতে আসা এড জয়েস তার ক্যারিয়ারের তৃতীয় শত রান তুলে নেন। শতক পূর্ণ করতে তিনি ১০০ বল খেলেন। এছাড়াও অ্যান্ডি বালবির্নি করেছেন ৯৭ রান। সেঞ্চুরি থেকে তিন রান পেছনে থেকে রান আউট হয়ে যান তিনি। জয়েসের সেঞ্চুরি ও বালবির্নির দুর্দান্ত ব্যাটিং এর ওপর ভর করে ৩৩১ রান করে আয়ারল্যান্ড।
জয়ের জন্য ৩৩২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে জিম্বাবুয়ে ইনিংস শুরু করেন সিকান্দার রাজা ও চামু চিবাবা। এই দুই ওপেনার যথাক্রমে ১২ ও ১৮ রান করে সাজঘরে ফিরে যান। এর পর নিয়মিত বিরতিতে পড়েছে পরের দুই উইকেট। দলীয় ৪১ ও ৭৪ রানে আউট হয়েছেন মাসাকাদজা ও মিরে। এর পরই হাল ধরেন টেইলর ও উইলিয়ামস। এই জুটি দলীয় স্কোরকে ২২৩ রান পর্যন্ত নিয়ে যায়। এর পর দুর্দান্ত এই জুটিতে আঘাত হানেন কুসাক। টেইলরকে ১২১ রানেই সন্তুষ্ট রাখেন তিনি। এর পরও দলের হাল ধরে রাখেন উইলিয়ামস। তিনি শতক পূর্ণ করা থেকে মাত্র চার রান দূরে থেকে আউট হয়ে ফিরে যান তিনি। জয় পেতে তখনো জিম্বাবুয়ে ৩১ রান পেছনে ছিল। তার পরও শেষ চেষ্টা চালিয়ে যান বাকিরা। কিন্তু তিন বল বাকি থাকতেই ৩২৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। ফলে পাঁচ রানে জয় পায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পক্ষে মুনি, কুসিক, ও ওব্রেইন প্রত্যেকে দুইটি করে উইকেট নিয়েছেন।
ব্যাট হাতে আয়ারল্যান্ডের ইনিংস উদ্বোধন করেন উইলিয়ামস পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। জিম্বাবুয়ের পক্ষে প্রথম আঘাত হানেন পানিয়াংগারা। দলীয় ১৬ রানের মাথায় উইলিয়ামসের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০ রান সংগ্রহ করে সাজঘরে ফিরে যান স্টারলিং। আর পোর্টারফিল্ডের উইকেটটি নিয়েছেন উইলিয়ামস।
এই নিয়ে বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেল আয়ারল্যান্ড। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় হোবার্টের বেলরিভ ওভালে ম্যাচটি শুরু হয়।
ইনজুরির কারণে জিম্বাবুয়ে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তার পরিবর্তে দলে ডাকা হয়েছিল রেগিস চাকাভাকে।
