সাতক্ষীরায় ফরমালিনসহ ৩ জন আটক

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৩:১৭
ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২শ’ ৪০ লিটার ফরমালিনসহ তিন ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরার সদর থানা পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা শহরের সোনারগাঁও হ্যাচারীর অফিস থেকে এ পরিমাণ ফরমালিনসহ এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার গাজীরপাটনি গ্রামের ইবলু মৃধা (৪৫), ঢাকার মোহাম্মদপুর এলাকার নাঈম সরদার (২৯) ও বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার হালিয়াঘাট গ্রামের গোলাম ফারুক (৫১)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সাতক্ষীরা শহরের সোনারগাঁও হ্যাচারীর অফিসে একটি চক্র বিপুল পরিমাণ ফরমালিন বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২’শ ৪০ লিটার ফরমালিনসহ ওই তিনজনকে আটক করে। তিনি আরো জানান, আটককৃতরা সারা দেশে ফরমালিন সরবরাহ কাজের সঙ্গে যুক্ত চক্রের সক্রিয় সদস্য। তারা ভারত থেকে আসা ফরমালিন সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। সাতক্ষীরা শহরের বড়বাজার, মিলবাজার, ইটাগাছা বাজার, বউবাজারসহ বিভিন্ন হাটবাজারের সবজি ও মাছ বিক্রেতারা এ ফরমালিন প্রয়োগ করে বাজারে বিক্রি করে।