স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৫:৪৭
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। সোহেল রানা একই উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকদ্দসপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।  পুলিশ সকালে সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই মহিউদ্দিন জানান, শুক্রবার সোহেল রানা রাতের খাবার খেয়ে বাড়ির থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর  দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোহেল পাবর্তীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
এ হত্যার বিচার দাবি করে মহিউদ্দিন বলেন, সোহেল রানাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা পর লাশ রাস্তায় ফেলে যায়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া জানান, সকালে স্থানীয় বালাইশপুর গ্রামের রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।