চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, কক্ষ ভাংচুর: আহত ৮

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেলে আগুন দেওয়াসহ সোহরাওয়ার্দী হলের প্রায় ২০টি কক্ষ ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী  ও শাহ আমানত হলের সামনে দফায় দফায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুটি গ্রুপ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে আমানত হলের সমানে একটি দোকানে বসাকে কেন্দ্র করে বিজয় গ্রুপের কর্মী কাঁকন নামের একজনকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। এই ঘটনায় দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। হলের প্রায় ২০টি কক্ষ ভাংচুর করা হয়। 

এতে আহত হন, সিএফসি গ্রুপের শোয়েবুর রহমান কনক, রহমত উল্ল্যাহ, বিজয় গ্রুপের মেহেদি হাসান, ওসমান, ইমরান হাসান, কাঁকন, আবু সাত্তর ও মো. ফয়সাল। আহতদের চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন: ফুলবাড়ীতে ধরলা নদীতে অবাধে বালু উত্তোলন

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘দোকানে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/অনি