দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায়: বি. চৌধুরী

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৮:৫৫
 
 
 
 
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,  ‘দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায়। যে দেশের ৯০ শতাংশ মানুষ গণতন্ত্রের পক্ষে, সেখানে কোনোভাবেই গণতন্ত্র ধ্বংস করা যাবে না। আর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি বিতর্কিত না হয়ে থাকে, তাহলে এখন নির্বাচনের প্রয়োজন আছে কিনা, তা যাচাই করতে গণভোট দেয়া উচিত, তাহলেই সংকটের সমাধান চলে আসবে।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তারা এ সব কথা বলেন।
অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত হয়েছে—বন্ধু রাষ্ট্রের কূটনীতিকরা দেশের সংকট সমাধানে খালেদা জিয়াকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির অধীনে সবগুলো দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অধীনে নির্বাচন’ প্রস্তাবটি গ্রহণ করেছেন। আমি মনে করি—এর সঙ্গে আরো তিনটি শর্ত যুক্ত করলে চলমান সংকটের স্থায়ী সমাধান হবে। প্রথমত, যেহেতু দশম জাতীয় সংসদ বিতর্কিত, তাই নবম সংসদের নির্বাচিত সদস্যদের নিয়েই রাষ্ট্রপতির অধীনে জাতীয় সরকার গঠন করতে হবে; দ্বিতীয়ত, জাতীয় সরকারে যারা থাকবেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না; তৃতীয়ত, জাতীয় সরকারের প্রধান কাজ হবে—একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা, যারা সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেবে।’
 বি. চৌধুরী আরও বলেন, ‘পেট্রলবোমা মেরে মানুষ হত্যাকে যেমন আন্দোলন বলা যায় না, তেমনি বিচার-বহির্ভূতভাবে একজন মানুষকে হত্যার মানে গণতন্ত্রকেই হত্যা করা।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ড্যাবের সভাপতি অধ্যাপক আজিজুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আক্তার হোসেন প্রমুখ।