নরসিংদীতে ইয়াবাসহ ৭ যুবক আটক

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ১৯:৪৬

নরসিংদীতে ২০৮ পিস ইয়াবাসহ ৭ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পলাশ থানা পুলিশ ঘোড়াশালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে ৫ যুবককে সেবনকারী হিসেবে দুই মাস করে সাজা দিয়েছেন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের মাঠ ও বাংলাদেশ জুটমিল এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবাসহ পলাশ উপজেলার আমিরটেকের মো. তৌহিদ মিয়ার ছেলে ফারুক (৩৫), টাঙ্গাইল নাগরপুরের মো. নুর আলম খানের ছেলে মো. নাজমুলকে (২৫) গ্রেফতার করে। তাদের দুই জনের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, মাদক সেবনের দায়ে ঘোড়াশাল চড়পাড়ার মোজাম্মেল হকের ছেলে আলী হোসেন (২৮), একই এলাকার আহাজ উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম, ফুলদিরটেকের ওসমান পাঠানের ছেলে আ. মজিদ (২৭), ভাটপাড়ার আমিনুল রশিদ ভূইয়ার ছেলে মো. লুৎফর রহমান (২৮) ও পলাশ বাগপাড়ার নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ উল্লাহকে আটক করে পরে শনিবার দুপুরে দুই মাসের কারাদণ্ড দিয়ে আদালতে প্রেরণ করেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।