পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক গড়লেও দীর্ঘ এ যাত্রায় কোন সেঞ্চুরির দেখা পাননি । ওয়ানডে ক্রিকেটে এটিও বিরল এক রেকর্ড।
শনিবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটিতে মিসবাহ ৫০০০ রানের ঘরে পৌঁছান।
মিসবাহ ইডেন পার্কে অনুষ্ঠিত এই খেলার আগে ৫০০০ রান থেকে মাত্র সাত রান দুরে ছিলেন। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের বল মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নিয়েই পাকিস্তান অধিনায়ক ১৬০ ম্যাচে ১৪৭তম ইনিংসে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৪০ বছর বয়সী মিসবাহ’র এদিনের সংগ্রহ হলো ৫৬ রান।
২০১৩ সালে ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন মিসবাহ । এখন পর্যন্ত এটাই তার সর্বোচ্চ স্কোর। ধীর গতিতে রান তোলার জন্য প্রায়ই সমালোচিত হওয়া মিসবাহ এ খেলাটিতে নামেন ৪৩ গড় নিয়ে।
মিসবাহ অবশ্য গেল বছরের নভেম্বরে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটির সমকক্ষ হন।
রিচার্ডস ও মিসবাহ উভয়েই ৫৬ বলে সেঞ্চুরি দুটি করেন।
