নাটোরে সড়ক দুর্ঘটনায় তাবলীগের থানা আমির নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৫, ২০:২৮


নাটোর শহরতলীর দত্তপাড়া ও লালপুরের গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক স্কুল শিক্ষক ও তাবলীগ জামায়াতের থানা জিম্মাদার (আমির)  নূরুল ইসলাম গাজী (৬৮) নিহত এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টারসহ তিনজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, শনিবার বিকালে তাবলীগ জামায়াতের বড়াইগ্রাম থানা জিম্মাদার সাবেক স্কুল শিক্ষক নূরুল ইসলাম গাজী তার ছোট ভাইয়ের মোটরসাইকেলে নাটোর বাইপাস সড়কের জেলা মারকাস মসজিদে আসছিলেন। পথে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি ও তার ভাই মোটরসাইকেল চালক মানিক গাজী আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে নূরুল ইসলাম গাজীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।