জেলার সোনাগাজী উপজেলায় যুবলীগ নেতার গুলিতে বিবি হাজেরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ যুবলীগ নেতার বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলার সাক্ষী ছিলেন বলে পুলিশ জানায়। উপজেলার বগাদানা ইউনিয়নে আউরারখিল গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা বিবি আয়েশা বাদী হয়ে যুবলীগ নেতা জসিম উদ্দিন ওরফে ছোট জসিমসহ ৭ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেছেন।
নিহত হাজেরা একই গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত যুবলীগ নেতা জসিম উদ্দিন ওরফে ছোট জসিম (৩২) উপজেলার ২ নম্বর বগাদানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন জানান, জসিম উদ্দিন পারিবারিক ও নারী নির্যাতন মামলার আসামি। ওই মামলায় বিবি হাজেরা একজন সাক্ষী ছিলেন। ঘটনার পর থেকে জসিম উদ্দিন পলাতক আছেন।
