রাজশাহীর কাটাখালি পৌর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সুজন আহমেদকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। শনিবার দুপুর ১২টার দিকে হরিয়ান রুপসী এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সুজন মতিহার থানার ইমায়েতপুর এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে।
আহত সুজন জানান, শনিবার তিনি ব্যক্তিগত কাজে হরিয়ানে যাওয়ার পথে রূপসী এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা জিআই পাইপ, লোহার রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারী সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের ক্যাডার বলে তার ধারণা।
