৩৭৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ভালোই এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্রুত দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে আউট হওয়ায় কিছুটা চাপে পড়েছে লঙ্কানরা। রিপোর্ট লেখা পর্যন্ত শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০৫ রান। হাতে ছিল ৬ উইকেট।
রবিবার ‘এ’ গ্রুপের খেলায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৭৬/৯ রান। ৫৩ বল মোকাবেলা করে ১০২ রান করেন ম্যাক্সওয়েল। জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ৩৭৭ রান। লঙ্কানদের পক্ষে মালিঙ্গা ও পেরেরা ২টি করে উইকেট পেয়েছেন।
ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় আউট হন ওয়ার্নার। মালিঙ্গার বলে প্রসন্ন’র হাতে ক্যাচ দেন তিনি। এরপর দলীয় ৪১ রানের মাথায় সামনে এগিয়ে খেলতে গিয়ে প্রসন্নর বলে স্ট্যাম্পিং হন ফিঞ্চ। পরে দলের হাল ধরেন স্মিথ ও ক্লার্ক। দুজনের গড়ে তোলেন ১৩৪ রানের বড় জুটি। দলীয় রান যখন ১৭৫, তখন আবারও আঘাত হানেন মালিঙ্গা। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন ক্লার্ককে। এরপর দলীয় স্কোরে ২ রান যোগ হতেই বিদায় নেন স্মিথ। দিলসানের বলে পেরেরার হাতে ধরা পড়েন তিনি।
১৭৭ রানের মধ্যে ৪ উইকেট বিদায়ের পর শুরু হয় ম্যাক্সওয়েল ও ওয়াটসনের তাণ্ডব। দুজনে মিলে ১৩.৪ ওভার ব্যাট করে সংগ্রহ করেন ১৬০ রান। দলীয় ৩৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১০২ রানে পেরেরার শিকার হন ম্যাক্সওয়েল। এক বল পরেই ফাকনার আউট হলে রানের গতি কিছুটা কমে আসে।
৪ ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বাংলাদেশও ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়ানরা। আর ৪ ম্যাচ থেকে পুরো ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড।
