লক্ষ্মীপুরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৪:২৯
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি এলাকায় মো. দুলাল হোসেন নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। দুলাল হোসেন হাসন্দি গ্রামের বদিউজ্জামান মুন্সি বাড়ির মৃত মুনছুর আহমদের ছেলে।
পুলিশ রবিবার সকালে দুলাল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের বোন নাসরিন আক্তার, আবুল হোসেন ও মোস্তাফিজুর রহমান নামে তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বের হয়ে যান দুলাল। এ সময় বাড়ির সামনে সন্ত্রাসীরা দুলালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে দুলালকে রাস্তার উপর কাতরাতে দেখে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে পালের হাট এলাকায় তিনি মারা যান। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 
পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিহত দুলাল হোসেনের বোনসহ ওই তিনজনকে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।