শরণখোলায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই বনদস্যু গ্রেফতার

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৫:৫১
বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বকুলতলা গ্রামের ইদ্রিস জমাদ্দারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের স্বীকারোক্তি মতে বনদস্যু মিন্টুর বাড়ি থেকে একটি দোনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, পাঁচটি গুলির খোসা ও দুইটি দা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কদম আলী (৫৫) ও তার সহযোগী বকুলতলা গ্রামের মিন্টু হাওলাদার (৪০)। 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, উপজেলার খুড়িয়াখালী গ্রামের মজিদ কবিরাজের ছেলে ব্যাবসায়ী পনু কবিরাজকে মুক্তিপণের দাবিতে অপহরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেফতারকৃতরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ প্রথমে ওই দুইজনকে গ্রেফতার করে।