ঢাকা সিটি নির্বাচনে জয়ের মধ্য দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা হবে : এরশাদ

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ১৮:০০


 জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টি গণতন্ত্র নিশ্চিত করবে।
রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
যৌথসভায় নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে এবং এরশাদকে আবারও দেশের রাষ্ট্রপতি করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে আহবান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, ক্ষমতায় এলে আমরা প্রকৃত গণতন্ত্র ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করব।
যৌথসভায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ ও দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদকে মনোনয়ন দেয়া হয়।
সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে আজ রাজনৈতিক সংকট চলছে। জাতিকে আজ অবরুদ্ধ করে আন্দোলনের নামে নারী-শিশুসহ সাধারণ মানুষ খুন করা হচ্ছে।
সভায় আবু হোসেন বাবলা এমপি, আহমদ ফয়সাল চিশতি, সুনীল শুভরায়, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।