আমরা জানি আমাদের খুব ভালো সুযোগ আছে: মাশরাফি

আপডেট : ০৮ মার্চ ২০১৫, ২২:১৮
অনুমান করা হচ্ছে, অ্যাডিলেডের গ্যালারি ভরিয়ে তুলবেন বাংলাদেশি সমর্থকরা। আজ ইংল্যান্ডের বিপক্ষে একটা জয় নিয়ে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে চলে যাবে, এমন স্বপ্নই থাকবে তাদের চোখে। রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বললেন, এই স্বপ্নপূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
নিজের ও দেশের ইতিহাসের অন্যতম বড় এই ম্যাচ খেলতে নিজেদের পুরোপুরি প্রস্তুত বলে দাবি করলেন মাশরাফি বিন মুর্তজা—
 
এটা কী আপনার বিশ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বড় ম্যাচ?
সম্ভবত। যদিও এটা এভাবে বলা কঠিন। এশিয়া কাপের ফাইনালটাও আমাদের জন্য ঐতিহাসিক একটা ব্যাপার ছিল। তবে এটা সত্যি যে, আমাদের দলের ইতহাসে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খুব কম এসেছে; এটা সেই ম্যাচগুলোর একটা। এই ম্যাচটা জিততে পারলে এটা যে খেলোয়াড়দের জীবনের সবচেয়ে বড় অর্জন হবে, তাতে সন্দেহ নেই।
 
চার বছর আগে বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েছিলেন আপনারা। এখন কী বাংলাদেশ তার চেয়ে পরিণত দল?
হ্যাঁ। চার বছর আগের চেয়ে আমরা এখন নিশ্চয়ই অনেক পরিণত। তবে মনে রাখতে হবে, আমাদের আসলে ভালো ক্রিকেটই খেলতে হবে। নইলে আমরা কতোটা বদলেছি, ইতিহাস কী ছিলো, তা হিসেব করে খুব একটা লাভ হবে না।
 
অ্যাডিলেডের মাঠ ভরিয়ে ফেলতে যাচ্ছেন বাংলাদেশী সমর্থকরা। এটা কতোটা প্রেরণা আপনাদের জন্য?
অবশ্যই। এটাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে পারে। কারণ, ৩০-৩৫ হাজার মানুষ আমাদের সমর্থন করছে, এমন অবস্থায় এই অস্ট্রেলিয়ায় খেলতে পারবো, কল্পনা করিনি কখনো। আমরা সিডনি, মেলবোর্নে দেখেছি, এখানে অ্যাডিলেডেও দেখছি, অনুশীলনে পর্যন্ত হাজার হাজার মানুষ আসছেন। আমি স্রেফ এই সবাইকে স্যালুট জানাই। আমরা চেষ্টা করবো, আপনাদের কিছু সুখস্মৃতি দিয়ে যেতে। 
 
ইংল্যান্ডকে জিততেই হবে। এই স্নায়ুচাপের সুযোগ নেবেন আপনারা?
স্নায়ু চাপের কথা বললে আমি বলব ইংল্যান্ড আমাদের চেয়ে এই ধরনের ম্যাচ আরও বেশি খেলেছে। আমাদের এসব নিয়ে চিন্তা না করাই ভাল। আমরা জানি আমাদের খুব ভাল সুযোগ আছে। আমাদের কাজ হবে আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে মনোযোগ দেওয়া। এটা করতে পারলেই চাপ অনেক কমে যাবে। আর কারা চাপে থাকবে এটা বলা খুব কঠিন। তবে আমি আমাদের কথা বলতে পারি, আমরা খুব রোমাঞ্চিত খেলার জন্য। আমরা আমাদের সেরা খেলাটা খেলার জন্যই অপেক্ষা করছি।