যুবকল্যাণ তহবিল আইন অনুমোদন

আপডেট : ০৯ মার্চ ২০১৫, ১৫:৩৭
 
যুবকল্যাণ তহবিল আইন ২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সভায় ভোটিং সাপেক্ষে যুবকল্যাণ তহবিল আইন চূড়ান্ত অনুমোদন হয়েছে ৷ স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে এখন প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়। এজন্য অনুদান দিতে আলাদা তহবিল গঠন করা হয়েছিল। ১৯৮৫ সালে এ তহবিল যখন হয় তখন ১৫ কোটি টাকা সিড মানি দেয় সরকার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে তার মুনাফা থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার যুব সংগঠনকে প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান সচিব।
তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি ও কারিগরি খাতসহ কোন কোন ক্ষেত্রে এই তহবিল থেকে অনুদান দেওয়া যাবে তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। অন্য খাত থেকেও তহবিলে টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।