“ মাশরাফির জয়”- মাশরাফিই সেরা, মাশরাফির জয় বাংলাদেশের জয়, মাশরাফির জয় নড়াইলবাসীর জয়” এমন অনেক শ্লোগানে আজ সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে নড়াইলের রাজপথ। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দলের জয়ে দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তজা কৌশিকের নড়াইল শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কোয়াটার ফাইনালে যাবে বাংলাদেশ দেশবাসীর সঙ্গে এমন প্রত্যাশা ছিল নড়াইলের আপামর জনতা। প্রবীন, যুব, কিশোর কিশোরিসহ সকল শ্রেনী পেশার মানুষ বিভিন্ন টিভি সেটের সামনে বসে খেলা উপভোগ করেছেন। খেলা শেষ হওয়ার সাথে সাথে নড়াইলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা বাংলাদেশের এ জয়কে সামনে রেখে নড়াইল শহরে আনন্দ র্যালি বের করেন। শহরের চৌরাস্তা এবং বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, এনডিসি জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
মাশরাফির মা হামিদা মোর্ত্তজা বলাকা বলেন,“ বাংলাদেশের এই জয়ে দেশবাসীর সাথে আমিও অভিভূত। দলের সকল খেলোয়াড়দের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আগামীতে আরো ভাল খেলে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।”
