লিবিয়ায় অপহৃতদের মধ্যে আরো এক বাংলাদেশি

আপডেট : ১১ মার্চ ২০১৫, ০৯:৪৮
 
লিবিয়ায় আইএসের হাতে অপহৃত হওয়া নয়জনের মধ্যে আরো এক বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে ত্রিপোলির বাংলাদেশ অ্যাম্বাসি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সির্ত্র শহরের আল ঘানি তেলক্ষেত্র থেকে যে নয়জনকে অপহরণ করেছে তাদের মধ্যে মোহম্মদ হেলাল উদ্দিন ছাড়াও আনোয়ার হোসেন নামে আরো এক বাংলাদেশি রয়েছে।
শুক্রবার বন্দুকধারী আইএস জঙ্গিরা সিরতে’র আল ঘানি তেলখনিতে হামলা চালায়। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তা-কর্মীকে হত্যা করে। এদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করে তারা। জঙ্গিরা যাওয়ার সময় সেখান থেকে নয়জনকে অপহরণ করে নিয়ে যায়।
একই নাম হওয়ায় আনোয়ার হোসেনকে সুদানের নাগরিক মনে করা হয়েছিল। আনোয়ার পাশের একটি তেলক্ষেত্রে কাজ করত।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অপহরণকারীদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।
শুক্রবারের ঐ হামলার পর অন্যান্য পার্শ্ববর্তী তেলক্ষেত্র থেকে ২১ বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।