১৪৮ রানে শ্রীলঙ্কার জয়

আপডেট : ১১ মার্চ ২০১৫, ১৭:২২
শ্রীলঙ্কা ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ৩৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে  ২১৫ রানে অলআউট  হয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচ সেরা হন সাঙ্গাকারা।
 
অস্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ ওভাল মাঠে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।
 
 ইনিংসের শুরুতে দলীয়  ৪৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্কটিশরা। লঙ্কান পেসার মালিঙ্গার প্রথম ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান কোয়েটজার। দলীয় ২৬ রানে ক্যালাম ম্যাকলউড ও দলীয় ৪৪ রানে ম্যাট মাচান আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।    কিন্তু চতুর্থ উইকেট জুটিতে মমসেন ও কোলম্যান প্রতিরোধ গড়ে তুলেন। এই জুটি করে ১১৮ রান। মমসেন ৭৫ বলে ৬০ আর কোলম্যান ৯২ বলে ৭০ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। লঙ্কানদের পক্ষে ৭ ওভার বল করে ২০ রান দিয়ে কুলাসেকারা নেন ৩ উইকেট।
 
 এরআগে দিলশান ও সাঙ্গাকারার সেঞ্চুরির সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩৬৩ রান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ধাক্কা খায় লঙ্কানরা।
 
 ৫.৩ ওভারে দলীয় ২১ রানে ও ব্যক্তিগত ৪ রানে ইভান্সের বলে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার থিরিমান্নে । অবশ্য এরপর সাঙ্গাকারা ও দিলশানের ১৯৫ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দেয়।
 
৯৯ বল খেলে ১ ছক্কা ১০টি ৪ মেরে দিলশান করেন ১০৪ রান। অপর সেঞ্চুরিয়ান সাঙ্গাকারা ১৩ টি চার ও ২টি ছক্কা মেরে ৯৫ বল খেলে রান করেন ১২৪। এছাড়া ম্যাথুজ করেন ৫১ ও কুশাল পেরেরা ২৪, থিসারা পেরেরা ১৮, জয়বর্ধনে ২ রান করেন। জশ ডেভি ৩টি, ইভান্স ও রিচি বেরিংটন নেন ২টি করে উইকেট।
 
'এ'- গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে হবে গ্রুপ 'বি' -এর শীর্ষস্থান নিশ্চিত করা ভারতের বিপক্ষে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি হারে আর এই ম্যাচে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে জয় পায় তবে টাইগারদের শেষ আটে  লড়তে হবে ভারতের সাথে।