লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবক মো. আরিফ (২৬) মারা গেছেন। বুধবার সকাল নয়টায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরিফ উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
গত ১ মার্চ রবিবার রাতে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।
নিহত আরিফের মামা মো. সেরাজল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আরিফের অবস্থার অবনতি ঘটলে তিনদিন আগে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরিফ মারা যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
