প্রধানমন্ত্রীর পুত্র ও তার আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া তথাকথিত গণতান্ত্রিক দলটি এখন মানুষ মারার রাজনীতি করছে। ক্ষমতায় যাওয়ার লোভে দেশে একদিকে তারা পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারছে, অন্যদিকে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্রের রাজনীতি করছে। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের ভবিষ্যত নেতা। যুক্তরাষ্ট্রের মাটিতে জয়কে অপহরণের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সাজাও হয়েছে। ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা।
সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ভবিষ্যত। বিএনপি-জামায়াত জোট তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এটাই স্বাভাবিক। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াত জোটের অবস্থা নড়বড়ে হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি দেশে জ্বালাও পোড়াও আন্দোলন করছে। কিন্তু জনগণ তাদের এই আন্দোলনের সঙ্গে নেই। অসুস্থ রাজনীতির কারণে বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।
তিনি বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া উচিত। পেট্রোল বোমাবাজদের প্রয়োজনে মৃত্যুদণ্ড দেয়া উচিত বলে মন্তব্য করে সিদ্দিকুর রহমান বলেন, এর ফলে দেশে শান্তি বিরাজ করবে।
তিনি বলেন, বিএনপি যত আন্দোলনই করুক না কেনো আগামী চার বছরের আগে দেশে কোনো নির্বাচন হবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য কামরুল হীরা প্রমুখ।
