ছক্কায় অনন্য ডিভিলয়ার্স

আপডেট : ১২ মার্চ ২০১৫, ১৯:১২



 ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপে সবার সেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পুল ‘বি’-র ম্যাচে ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এক আসরে ও পুরো বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন ডি ভিলিয়ার্স।
ওয়েলিংটনে আরব আমিরাতের বিপক্ষে চার নম্বরে ব্যাটিং-এ নামেন ডি ভিলিয়ার্স। ক্রিজে ১১৫ মিনিট থেকে ৮২ বলে ৯৯ রানের নান্দনিক এক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কার মার ছিলো। এই ম্যাচে ৪টি ওভার বাউন্ডারি মেরে বিশ্বকাপে ছক্কায় অনন্য হয়ে গেলেন ডি ভিলিয়ার্স।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরে ২০টি ছক্কা হাঁকিয়েছেন ডি ভিলিয়ার্স। ফলে এক আসরে বেশি ছক্কার মার ক্ষেত্রে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে। ২০০৭ বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ ছক্কা মেরেছিলেন হেইডেন। আর চলতি বিশ্বকাপে ৫ ম্যাচে অংশ নিয়ে ১৮টি ছক্কা ইতোমধ্যে মেরেছেন গেইল।
শুধুমাত্র এক আসরে বেশি ছক্কার রেকর্ডই গড়েননি ডি ভিলিয়ার্স। সব বিশ্বকাপ মিলিয়েও সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও দখলে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-কে পেছনে ফেলে সবচেয়ে বেশি ৩৬ ছক্কার মালিক এখন ডি ভিলিয়ার্স। ৪৬ ম্যাচে অংশ নিয়ে ৩১ ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ ট্রফি জেতানো অধিনায়ক পন্টিং। ২৯ ছক্কা মেরে তৃতীয় স্থানে রয়েছেন গেইল।