বলুন তো, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা প্রথম সিরিজটায় বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?
একটু গোলমেলে উত্তর দিতে হবে।
ঘোষিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই ছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে সিরিজ শেষ হয়ে গেল তার। আর সাকিব আল হাসানকে করুন মুখে বলতে হল, ‘মাশরাফি ভাইকে পড়ে যেতে দেখেই বুঝেছি, আমাকে ক্যাপ্টেনসি করতে হবে।’
হ্যা, সাকিবই নেতৃত্ব দিলেন শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ কাণ্ডে।
মাশরাফি আবার ইনজুরিতে পড়ুন, এমন কামনা তার ঘোরতর শত্রুও করবে না। তবে আজ বিশ্রামের স্বার্থে মাশরাফি একাদশের বাইরে থাকলে নিউজিল্যান্ড কিন্তু আরও আতঙ্কিত হয়ে উঠতে পারে—এবারও যে মাশরাফির বদলে সাকিব!
মাশরাফি-সাকিব রসায়নটা সেই ২০১০ সালেই কার্যত শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সময়কে থমকে দিয়ে অনেকটা আকস্মিকভাবেই বিশ্বকাপের আগে আগে আবার ওয়ানডে দলে অধিনায়ক ও সহঅধিনায়ক হয়েছেন এই দু জন। ফলটাও দারুণ পাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত।
