জাতীয় ক্রিকেট লিগ নতুন চ্যাম্পিয়ন রংপুর

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২০:৫৭
আগের দিন চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল খুলনা। সম্ভাব্য ২৫ পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্টই নিয়ে তারা এগিয়েছিল। কিন্তু একটা ফিসফাস ছিল খুলনার খেলোয়াড়দের মধ্যে—না জানি রংপুর ও ঢাকা মেট্রো ম্যাচে কী হচ্ছে!
তাদের অনুমানমতো মাঠের বাইরের কোনো খেলা হোক আর নাই হোক, রংপুর আরেক ধাপ এগিয়ে শেষ রাউন্ডে প্রায় অসম্ভব এক পূর্ণ ২৫ পয়েন্ট নিয়ে নিয়েছে ঢাকা মেট্রোর বিপক্ষে। ফলে এই দলটি ১২১ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো জাতীয় লিগ শিরোপা জিতলো।
লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে ১০২ রানে হারিয়ে পূর্ণ ২৫ পয়েন্ট পেয়েছে রংপুর।
শিরোপার ঠিক কাছে গিয়েও ট্রফি নিশ্চিত করতে পারেনি খুলনা বিভাগ। মাত্র এক পয়েন্টের আক্ষেপ নিয়ে রানার্স ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় খুলনা বিভাগকে।
বিকেএসপিতে খুলনা ইনিংস ২৪ রানে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে নির্ধারিত ২৫ পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্ট অর্জন করে।
লিগের সপ্তম ও শেষ রাউন্ড শুরুর আগে খুলনা বিভাগ, রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ সমান ৯৬ পয়েন্ট নিয়ে খেলা শুরু করে। তিন দলের জন্যই শেষ রাউন্ডে সুযোগ ছিলো চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু ঢাকা বিভাগ ম্যাচ জয়ের ১৬ পয়েন্ট পেলেও ৯ পয়েন্ট বোনাসের মধ্যে মাত্র সাত পয়েন্ট পায়। ১১৯ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় হয়ে লিগ শেষ করে ঢাকা বিভাগ।