ইংল্যান্ড ও আফগানিস্তান শুক্রবার যখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে সেই সময়ে নিজেদের শেষ গ্রুপ ম্যাচটিতে উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে।
কেবল একটির বেশি খেলায় জিততে না পারায় দলদুটি ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
তারপরও এ লড়াইয়ে আফগানিস্তানের কাছে হারলে অবমাননার শেষ থাকবে না ইংল্যান্ডের। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা আফগানরা মাথা উঁচু করে দেশে ফেরার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছে না।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটিতে আফগানদের জন্য ইংল্যান্ড বধে প্রেরণা জোগাচ্ছে মাশরাফি বাহিনী।
বাংলাদেশ দল তাদের সর্বশেষ খেলায় গত সোমবার ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ছাড়া করে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাংলাদেশ এই খেলাটি জিতে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এদিকে ইংল্যান্ডের সহকারী কোচ পল ফ্যাব্রেস জানিয়েছেন আফগানিস্তানের কাছে বিশ্বকাপের শেষ ম্যাচটিতে হার হবে ভয়ংকর। তিনি বলেন,‘বাংলাদেশের কাছে হারটি যদি হয় ভীতি জাগানিয়া, তাহলে আমরা সম্ভবত কল্পনাও করতে পারবো না এটিও (শেষ ম্যাচে) আমাদের বিরুদ্ধে গেলে কি হবে। তাই আমাদের কাজ হবে নিজেদের সেরাটা দেয়া, মাথা উচু করে গিয়ে যথাযথ ক্রিকেট খেলা।’
ফেব্রেগাস এ প্রসঙ্গে কোচ পিটার মুরস এর পক্ষ নিয়ে ইংল্যান্ডের বাজে দশার জন্য শুধু আলাদাভাবে দোষারোপ করার প্রবণতার সমালোচনা করেন। বাসস/বিবিসি স্পোর্টস
