জিম্বাবুয়ে অধ্যায় শেষ টেইলরের!

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২১:২৩
ব্রেন্ডন টেইলর কাল ভারতের বিরুদ্ধেই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন। কাউন্টি দল নটিংহ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তির করেছেন জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী এই চুক্তির কারণে জাতীয় দলে খেলতে পারবেন না তিনি।
 
টেইলরের বক্তব্যেই পরিষ্কার জাতীয় দলকে এক রকম বিদায় বলে দিচ্ছেন তিনিও, ‘এটা হয়তো আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত।  জিম্বাবুয়ের পক্ষে খেলতে সবসময়ই উন্মুখ ছিলাম আমি। এখনও আছি। কিন্তু এটা ছিল এমন একটা সিদ্ধান্ত যেটা আমি একা নিতে পারিনি। স্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। তবে একই সঙ্গে ইংল্যান্ডের একটা বড় কাউন্টি দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’