দুই বাংলাদেশিকে উদ্ধারে রেড ক্রিসেন্টের সহযোগিতা কামনা

আপডেট : ১২ মার্চ ২০১৫, ২২:০৫
 
লিবিয়ার দক্ষিণের শহর সিরতে’র আল গানি তেলক্ষেত্র থেকে অপহৃত দুই বাংলাদেশীকে উদ্ধারে রেড ক্রিসেন্টের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস অস্ত্রধারী জঙ্গি সংগঠনের হাতে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধারে এই সহযোগিতা চেয়েছে।
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম উইং) এএসএম আশরাফুল ইসলাম বৃহস্পতিবার রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে দাতব্য সংগঠনটি। ঘটনার ছয় দিন পর এখনো অপহরণকারী ও তাদের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছে দূতাবাস। এ বিষয়ে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বন্দুকধারী অপহরণকারীরা সিরতে’র আল ঘানি তেলখনিতে হামলা চালায়। বন্দুকধারীরা যাওয়ার সময় সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয় বিদেশিকে জিম্মি করে নিয়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই বাংলাদেশি হলেন, জামালপুরের হেলালউদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন।