আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে কাটেল ওভার পদ্ধতিতে ইংল্যান্ডকে লক্ষ্য দেয়া হয় ২৫ ওভারে ১০১ রান। ১৮.১ ওভারে ১ উইকেট হারিয়ে তারা সে লক্ষে পৌঁছে যায়। ইয়ান বেল ৫২ রানে অপরাজিত ছিলেন। জেমস টেইলর করেন ৮ রান। উদ্বোধনী ব্যাটসম্যান হ্যালিস ৩৭ রান করে হামিদ হাসানের বলে আউট হয়ে ফিরে যান। এর আগে টস হেরে ৩৬.২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়েছিল আফগানরা। এরপর বৃষ্টির কারণে আফগানিস্তানের ইনিংসের সমাপ্তি টানা হয়। বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ থাকে।
টস হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি আফগানরা। ১০৬ রানেই ৭ উইকেটের পতন ঘটে যায় তাদের। শুরুতেই ভালো ব্যাট করতে না পারা আর নিয়মিত বিরতিতে উইকেট পতন দুর্বল করে দেয় দলটিকে।
শুক্রবার সকালে সিডনিতে বিশ্বকাপে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নওরোজ মঙ্গল ৪ ও জাভেদ আহমেদি ৭ রান করে সাজ ঘরে ফিরে যান। এন্ডারসনের বলে মঙ্গল এবং ব্রডের বলে আহমেদি রুটের হাতে ক্যাচ দিয়ে ব্যাট হাতে বিদায় নেন। একের পর এক উইকেটের পড়তে থাকে। ফলে শক্ত ভিত গড়তে ব্যর্থ হয়। একমাত্র শফিকুল্লাহ সর্বোচ্চ ৬৪ বলে ৩০ রান করতে সক্ষম হন।
এর আগে ৯ মার্চ বাংলাদেশের সঙ্গে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ১৫ রানে হেরে যায় ইংল্যান্ড। তারা ইতোমধ্যে বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে।
