পুলিশের ওপর হামলাকারীদের ক্ষমা নেই: ওবামা

আপডেট : ১৩ মার্চ ২০১৫, ১৮:২২
 
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফারগুসনে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ অপরাধী কর্মকাণ্ডের কোন ক্ষমা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গত বুধবার এ ঘটনার কয়েক ঘণ্টা পর এবিসি টেলিভিশনে সরাসরি একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তার অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।
লাইভ অনুষ্ঠান দেয়া সাক্ষাত্কারে ওবামা বলেন, "বিক্ষোভকারীরা 'বৈধভাবে ক্ষোভ' করেছেন। কিন্তু যারা গুলি করেছেন তারা অপরাধী। যা ঘটেছে তা আপত্তিকর একটি ঘটনা। অবশ্যই তাদেরকে গ্রেফতার করা উচিত, তাদের ক্ষমা নেই''
গত বছর পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহতের প্রতিক্রিয়ায় ব্যাপক দাঙ্গার পর নতুন করে ঐ এলাকায় সহিংসতা দানা বাঁধলো।
বুধবার ফারগুসনের পুলিশ প্রধানের পদত্যাগের ঘোষণা আসার পর বহু মানুষ পুলিশ সদরদপ্তরের সামনে এসে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর গুলি চালালে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় এলাকার পুলিশ প্রধান জ্যাকসনের পদত্যাগের দাবি উঠেছিল। ঐ হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর তদন্ত শুরু হয়। মিসৌরি স্টেটের এই শহরের পুলিশ বিভাগ ও পৌর আদালতে ব্যাপক মাত্রায় বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের তদন্ত প্রতিবেদনে।  প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর পদত্যাগ করেন জ্যাকসন।
এদিকে বৃহস্পতিবার ফারগুসনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। সকল হতাহতদের জন্য বিক্ষোভকারীরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছে। পরে তারা ড্রাম বাজিয়ে ও শ্লোগান দিতে দিতে পুলিশ দপ্তরের দিকে পদযাত্রা শুরু করে। এসময় পুলিশ নিরাপদ দূরত্বে ছিল। তাছাড়া এদিন সকালে পুলিশ বাড়ি বাড়ি অভিযান চালিয়ে অনেককে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দেওয়া হয়।  সূত্র: বিবিসি