বরগুনায় একটি বিআটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ৫০ শতাংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের সোনিয়া সিনেমা হলের সমানে এই ঘটনা ঘটে।
বাসের হেলপার কাইয়ুম জানান, অগ্নিসংযোগের সময় তিনি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার টের পেয়ে তিনি বাসের জানালা ভেঙ্গে বের হন। এ সময় তিনি দুজন নাশকতাকারীকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা-বরগুনা রুটে চলাচলকারী বিআটিসি বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-২১২২) সকাল সাড়ে ৬টার সময় বগুনা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি নাশকতা। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
