কেন্দুয়ায় হাত-পা বাঁধা অটোচালকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ১৬:০০
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের বেতাইখাল নামক স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুন (২৭) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাসকা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে অটোচালক মামুন মিয়া গত শুক্রবার সন্ধ্যায় ভাড়ার উদ্দেশ্যে তার অটোগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। শনিবার দুপুরে বাঘবেড় গ্রামের স্থানীয় লোকজন বেতাইখাল নামক স্থানে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।