সিটি করপোরেশন নির্বাচন: পদে থেকে অংশ নিতে পারবেন না এমপিরা

আপডেট : ১৪ মার্চ ২০১৫, ২১:৫৮
 
 
 
 
আসন্ন ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পদে থেকে কোনো সংসদ সদস্য (এমপি) অংশ নিতে পারবেন না। তবে সংসদ সদস্যদের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে।
এমপিদের পদে থেকে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইত্তেফাককে বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সংসদ সদস্যরা পদে থেকে সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ক্ষেত্রে মনোনয়পত্র জমা দেয়ার আগেই সংসদ সদস্য পদ ত্যাগ করে নির্বাচনে অংশ নেয়া যাবে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৯ তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা স্পষ্ট করা হয়েছে। ৯ ধারার উপধারা (২) এর (ঢ)তে বলা আছে, ‘কোন ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার জন্য এবং উক্তরূপ মেয়র কাউন্সিলর পদে থাকার যোগ্য হবে না যদি তিনি অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা জাতীয় সংসদের সংসদ হন।’ ওই আইন অনুযায়ী মেয়র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওই সিটি করপোরেশনের যে কোনো ওয়ার্ডের ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ থাকতে হবে। সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরসহ অন্যান্য কাউন্সিলরদের ক্ষেত্রে সংশ্লিস্ট ওয়ার্ডের ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ থাকা লাগবে।
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। আর এই নির্বাচনে অংশ নেয়ার জন্য এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো রাজধানী।