দ্য কনজুমার ইন্টারন্যাশনালের (সিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাস্থ্যকর ও অপরিমিত খাবারের কারণে সারাবিশ্বে প্রতি বছর এক কোটি ১০ লাখ লোক মারা যাচ্ছে।
রবিবার আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস-২০১৫। এর আগে শনিবার সিআই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
'স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার' এই প্রতিপাদ্যে আজ বাংলাদেশসহ সারাবিশ্বে পালন করা হবে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস-২০১৫।
বিশ্বে শীর্ষ ১০ মৃত্যু ঝুঁকির মধ্যে চারটি হল- উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ গ্লুকোজ, অতিরিক্ত ওজন ও স্থূলতা এবং উচ্চ মাত্রার কলেস্টেরল জনিত সমস্যা। প্রতিবেদনের বিষয়সূচিতে স্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে এককভাবে স্থূলতার প্রভাব পড়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলার যা বিশ্বব্যাপী জিডিপির ২ দশমিক ৮ শতাংশ।
অপর্যাপ্ত ফল ও সবজি গ্রহণের ফলে হৃদরোগ এবং কিছু ক্যান্সারের মত রোগের ঝুঁকি বাড়ছে। এতে বছরে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হয়। অতিরিক্ত লবন, চিনি ও চর্বি জাতীয় খাবারে উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ বিভিন্ন মরণ ব্যাধির ঝুঁকি বাড়িয়ে দেয় বলেও উল্লেখ করা হয়েছে।
খবর বাসস’র।
