বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দায়েরকৃত আবেদনের ওপর আগামী ৫ এপ্রিল রায় দিবে হাইকোর্ট।
খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ রবিবার এই দিন ধার্য করে দেন।
মামলাটি বাতিল প্রশ্নে জারিকৃত রুলের ওপর রায় প্রদানের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী সময় চেয়ে বলেন, এ মামলার আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন বারের নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আমরা শুনানির জন্য সময় চাই। পরে আদালত সময় দিয়ে এই নতুন দিন ধার্য করে দেন।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন খালেদা জিয়া। ওই আবেদনের ওপর হাইকোর্ট রুল জারি ও মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। চলতি মাসে মামলাটি সচলের উদ্যোগ নেয় দুদক। সেই মোতাবেক রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে দুদক অংশ নিলেও খালেদার আইনজীবীরা আদালতে যাননি। এই অবস্থায় গত ১০ মার্চ রায় প্রদানের জন্য দিন ধার্য রাখে আদালত।
কিন্তু ধার্যকৃত দিনে খালেদার আইনজীবীরা শুনানির জন্য সময় চাইলে হাইকোর্ট ১৫ মার্চ পুনরায় দিন ধার্য করে দেয়। কিন্তু গতকাল আবারো সময় চেয়ে আবেদন করেন তারা। আদালত তা মঞ্জুর।
