সাত খুন ও ত্বকী হত্যার চার্জশিট দ্রুত দেয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০১৫, ১৯:২০
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। এ হত্যা মামলা নিয়ে সরকারও সচেতন রয়েছে। দ্রুত এ সেভেন মার্ডার ও তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার চার্জশীট প্রদান করা হবে। সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় নৌ বাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এ কোস্টগার্ডের জন্য নির্মিত দুইটি হারবার পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে সমুদ্র ও নদী পথে টহল বাড়ানোসহ মাদক, দস্যুতার বিরুদ্ধে আরো কঠোর হওয়ার তাগিদ দেন। সরকারও কোস্টগার্ডকে আরো আধুনিকায়তন ও অত্যাধুনিক করা হচ্ছে।
বোট হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, সহকারী নৌ প্রদান কমডোর সৈয়দ আবু মানসুর আরশাদুল আবেদীন, নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস এর পরিচালক কমডোর এম খুরশীদ মালিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দির, র‌্যাব-১১ এর সিইও আনোয়ার লতিফ খান প্রমুখ।