নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আরো অন্তত ৫জন আহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবু তালেব মিয়া (৫৫)। তিনি বালিয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
জানা গেছে, আবু তালেবের মেয়ে সেলিনা পাশের বাড়ির রুকু মিয়ার ছেলে সোহেলের কাছে ৮শ টাকা পেত। পাওনা ওই টাকা চাওয়ায় সেলিনার সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষে আবু তালেবকে পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তালেব মিয়া মারা যান।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
