তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রীর সংলাপ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, আগুন সন্ত্রাসের রানি বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার জায়গা সংলাপের টেবিল নয়, কাশিমপুর কারাগার। গতকাল রবিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, এই মুহূর্তে নির্বাচন দেশের কোনো সমস্যা নয়। আগুন সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ দেশের প্রধান সমস্যা। আর এসবের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য অসত্য ও একগুয়েমিতে ভরা; সেখানে নতুন কিছু নেই। উনি প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান বলেই সাংবাদিক সম্মেলন ডেকেও সাংবাদিকদের প্রশ্ন করতে দেননি। তিনি বলেন, সকলের আশা ছিল তিনি মন পরিবর্তন করবেন। তবে অবরোধ কর্মসূচি অব্যহত রাখার ঘোষণা দিয়ে দেশবাসীকে চরম হতাশ করেছেন।
সংলাপ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বা সমাজে নির্বাচনী ব্যবস্থাকে উন্নত ও শক্তিশালী করার জন্য আলোচনা বা সংলাপ হতেই পারে, তবে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কোনো অ্যাডহক ব্যবস্থার ফর্মুলা নিয়ে আলোচনা যুক্তিসঙ্গত হতে পারে না।
তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থাকে উন্নত ও শক্তিশালী করার জন্য কোনো স্থায়ী প্রস্তাব খালেদা জিয়া দেননি, দিতেও পারছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ আছে। এ সংক্রান্ত মামলাগুলো বিচারাধীন। আদালত যে পদক্ষেপ নিচ্ছে তা আমরা কার্যকর করব।
সাংবাদিক সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদসহ তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
