প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যারা দেশের মানুষের ভাগ্যে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের অধিকার কেড়ে নিতে যায়, দেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে রূখে দাঁড়ানোর এখনই সময়। এ ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই নতুন প্রজন্মসহ দেশবাসীকে রূখে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। বাঙালী জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
রবিবারবিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ওপর আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরদিন জাগ্রত হয়ে থাকবে। গত ৪৪টি বছর ধরে ঐতিহাসিক এই ভাষণটি বেজেই চলেছে, কিন্তু আজো ওই ভাষণের আবেদন এতটুকুও কমেনি। যখনই এই ভাষণটি বাজানো হয়, তখনই বাঙালী জাতি নতুন করে জাগ্রত হয়, অনুপ্রাণিত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৫ পরবর্তী ২১টি বছর কার্যত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। ওই ২১টি বছর ক্ষমতায় থাকা সরকারগুলো বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দেয়নি। ভাষণটি বাজাতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীকে পর্যন্ত জীবন দিতে হয়েছে। কিন্তু শত চেষ্টা করেও ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটির আবেদন মুছে ফেলতে পারেনি, কোনদিন পারবেও না।
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঃ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের একটি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।
এরপর বাংলা একাডেমি প্রকাশিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ঃ বহুমাত্রিক বিশ্লেষণ’ এবং জি মওলা সংকলিত ১২টি ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং তাঁর জীবন পরিচয় সংক্রান্ত গ্রন্থ ‘পয়েট অব পলিটিক্স’ (রাজনীতির কবি) মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ দেশের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
