মৌসুমের শুরুতেই পানিশূন্য নওগাঁর ৫ নদী

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ০০:৪৩

শুষ্ক মৌসুমের শুরুতেই পানিশূন্য হয়ে পড়েছে মহাদেবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত একসময়ের উত্তাল আত্রাই নদীসহ নওগাঁর প্রধান ৫ নদী। শুকিয়ে এখনই যে অবস্থায় এসেছে তাতে নদীরক্ষার কার্যকর উদ্যোগ না নিলে আগামী দিনগুলোতে এসব নদীর অস্তিত্ব খুঁজে পাওয়ায় দুস্কর হয়ে পড়বে। নদীগুলো এভাবে শুকিয়ে যাওয়ায় এর মারাত্মক প্রভাব পড়ছে কৃষি, মত্স্য ও বৃক্ষসহ অন্যান্য ক্ষেত্রে।

নওগাঁর নদীগুলোর মধ্যে প্রধান পাঁচ নদীরই এ করুণ দশা অবলোকন করে এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। একসময় উত্তাল এ নদীগুলো হচ্ছে মহাদেবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই, সাপাহার উপজেলার উপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা, বদলগাছী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা, আত্রাই উপজেলার উপর দিয়ে প্রবাহিত নাগরদী ও জেলা সদরের উপর দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা। নদীগুলোতে একসময় ঢেউয়ের তালে অসংখ্য পালতোলা নৌকা চলাচল করলেও এখন কোথাও হাঁটু পানি, কোথাও ধুধু বালুচর। স্থানীয় অভিজ্ঞ মহল মনে করেন, প্রতিবেশী দেশের নির্মম পানি আগ্রাসনের ফলেই একসময়ের খরস্রোতা এসব নদী ক্রমে এমন করুণদশায় এসে ঠেকেছে। এদিকে সরকারি নজরদারির অভাবে একশ্রেণির ভূমিদস্যু নদীগুলোর অনেক স্থান দখলে নিয়ে খুশিমত ভরাট করে ফেলেছে। অনেকে নদীর মাটি বিক্রির প্রতিযোগিতায় মেতে উঠেছে। অনেক স্থানে প্রভাবশালী ভূমিদস্যুরা নদী দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে নদীর শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে চাইছে। এতে নদীগুলোর মূল সীমানাও হারিয়ে যেতে বসেছে। এভাবে চলতে থাকলে একসময়ের উত্তাল এসব নদী মানচিত্র থেকেও হারিয়ে যাবে।