কয়লাখনি দুর্নীতি: মোশাররফ নিজামী ও মুজাহিদকে হাজিরের নির্দেশ

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৯:৩৯
 
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার আসামি বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৩ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
 
একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মামলা বাতিল চেয়ে করা আবেদনের ওপর হাইকোর্টের রায়ের অনুলিপি ওইদিন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
 
৫ এপ্রিল হাইকোর্ট এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য রেখেছেন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম এই আদেশ দেন।
 
আজ এই মামলায় আদালতে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্টের রায় না হওয়ায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদেশ দাখিলের জন্য সময়ের আবেদন করেন।
 
তিনি বলেন, খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুলের রায় ৫ এপ্রিল ঘোষণা করা হবে। রায় ঘোষণা না হওয়া পর্যন্ত অনুলিপি দাখিল সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত ১৩ এপ্রিল দিন ধার্য করে দেয়ার পাশাপাশি তিন আসামিকে হাজিরের নির্দেশ দেয়।
 
বিগত তত্ত্বাবধায়ক সরকারে সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন তত্কালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। ১৬ জনকে আসামি করা হয়।
 
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসির) সঙ্গে খনির উত্পাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্তে মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। এতে রাষ্ট্রের প্রায় একশ ৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে তিন জন ইতমধ্যে মারা গেছেন।