সলঙ্গায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৩

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৮:৩৮
 
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 
নিহতদের মধ্যে রংপুর জেলার গঙ্গাচড়া এলাকার হামিদা খাতুনের (৪৫) পরিচয় পাওয়া গেলেও অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি। 
সোমবার দুপুর ৩ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা আমবাগান কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সৈকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো গ ১৪-৩১২৪) রংপুর যাচ্ছিলেন। বাসটি ঘুড়কা আমবাগান কালিতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু এক নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় নিহত ৩ জন ও আহতদের উদ্ধার করে।