রাজনীতিতে সকলের সমান সুযোগ থাকা গণতন্ত্রের মূলবাণী: স্পিকার

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২১:২১
 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনীতিতে সকলের সমান সুযোগ নিশ্চিত করা গণতন্ত্রের মূলবাণী। রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। রাজনীতিতেও সমান অধিকার প্রতিষ্ঠায় নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সকল বাধা দূর করতে হবে। রবিবার নিউইয়র্কের ইউএন ওয়ান হোটেলে কমনওয়েলথ ন্যাশনাল উইমেনস মেশিনারিজ (এনডব্লিউএম)-এর বার্ষিক পরামর্শ সভায় তিনি একথা বলেন।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন বলেছেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নারীরা রাজনৈতিক সচেতন হলেই রাজনীতিতে নারী প্রতিনিধিত্বের সুষ্ঠু বিকাশ সম্ভব। টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশেও নারী নেতৃত্ব  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বিদ্যমান গঠনতন্ত্রে নারীদের জন্য অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নেতৃত্ব সৃষ্টির প্রয়াস থাকতে হবে। যাতে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতিতে নিজেদের সমৃদ্ধ করে আগামীদিনে জাতীয় সংসদসহ সকল ক্ষেত্রে নিজেদের প্রতিনিধিত্ব বজায় রাখতে পারে।
অনুষ্ঠানে উগান্ডা পার্লামেন্টের স্পিকার রেবেকা কাডাগা, নাইজেরিয়ার মহিলা ও সামাজিক উন্নয়ন মন্ত্রী হাজিয়া জইনব মাইনা, কমনওয়েলথের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. জোসেফাইন ওজিয়াম্বো প্রমুখ বক্তব্য রাখেন।