অসম প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে একটুও ভীত নয় বাংলাদেশ দল। গতকাল সোমবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরুর পর বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরুসিংহে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবেলার প্রাক্কালে জানিয়েছেন তার দলের ‘কারো কাছেই কিছু প্রমাণের নেই।’ অপরদিকে দলটির অন্যতম স্তম্ভ সাকিব আল হাসান ইতোমধ্যে জানিয়ে রেখেছেন টানা দুই সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদের কাজ এখনো শেষ হয়ে যায়নি।
হাতুরুসিংহে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাল রিপোর্টারদের বলেন, ‘আমরা যোগ্য বলেই কোয়ার্টার ফাইনালে এসেছি। আমরা জানি, আমরা যোগ্য দল। যোগ্য দল ছাড়া কেউ নকআউট পর্বে আসে না। আমরা সুযোগ কাজে লাগাতেই এবং পরিস্থিতি উপভোগ করতে এখানে (কোয়ার্টার ফাইনাল) এসেছি।’
বাংলাদেশ কোচের কথাতে বাংলাদেশ দলকে নিয়ে তার বিশ্বাস ও গর্ব পুরোপুরি ফুটে উঠেছে। এই বিশ্বাস নিয়েই আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ভারতের মোকাবেলা করবে মাশরাফি বিন মুর্তজার দল।
হাতুরুসিংহে ভারতের ফাস্ট বোলিংয়ের প্রশংসা করলেও এদিন বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলটারও ভিত নাড়িয়ে দিতে পারি আমরা। স্রেফ দিনটা একটু আমাদের পক্ষে থাকলে, ওদের কিছু ভুল হলে, আমরা সেরা খেলা খেলে যে কাউকে বিদায়ের পথ দেখিয়ে দিতে পারি।’ এ প্রসঙ্গে শ্রীলঙ্কান বংশোদ্ভূত ও অস্ট্রেলিয়ায় কোচ হিসেবে ব্যাপক অভিজ্ঞতার অধিকারী হাতুরুসিংহে জানান, ভারতের মোকাবেলার দিন বাংলাদেশের খেলোয়াড়দের নিজেদের সক্ষমতা তুঙ্গে উঠতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি মূল ব্যাপার হলো আমাদের সামর্থ্য। কোন একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠিত কোন দলকে হারাতে হলে মুখ্য ব্যাপার হলো আমাদের সামর্থ্য ঢেলে দিতে হবে।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি হলো ব্যাটিং গভীরতা। মাহমুদুল্লা রিয়াদ যার প্রমাণ। তিনি চলতি আসরের গ্রুপ পর্বে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যেখানে এ বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সেঞ্চুরিই ছিল না।
সাকিব এদিকটায় আলোকপাত করে ইতোমধ্যে বিশ্ব গণমাধ্যমকে বলেছেন, ‘তার কাজ এখনো শেষ হয়ে যায়নি। পেশাদার দল হিসেবে আমরা তার দিকে আরো একটি সেঞ্চুরির জন্য তাকিয়ে থাকবো।’ শুধু এখানেই থেমে থাকেননি সাকিব, তিনি আরো বলেন, ‘সাঙ্গাকারা যদি টানা চারটি সেঞ্চুরি হাঁকাতে পারে, তবে মাহমুদুল্লা কেন নয়?’
মাহমুদুল্লা এবার দুর্দান্ত নৈপুণ্যে আছেন। টানা দুটি সেঞ্চুরির আগে তিনি স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ৬২, ২৮ ও ২৩ রান করেন। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে গ্রুপ পর্বের সবচেয়ে বেশি রান করাদের তালিকায় তার অবস্থান পঞ্চম। সব মিলিয়ে ৩৪৪ রান করেছেন তিনি। সাকিব আশা করছেন মাহমুদুল্লার এই ফর্ম অব্যাহত থাকবে।
