ডাকাতিয়া নদীর বুক জুড়ে চাষ হচ্ছে ধান

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১০:০১


এক সময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী পানি শূন্য হয়ে পড়ায় সেখানে এখন চাষ হচ্ছে ধান। দীর্ঘদিন ধরে নদী খনন না করায় নাব্যতা কমে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবার বর্ষাকালে নদীর দুই কূল উপচে কৃষকের ফসলি জমিও ক্ষতি হচ্ছে।  
বর্তমানে ডাকাতিয়া নদী ও শাখা খালগুলোয় পানি না থাকায় নদীর বুক জুড়ে চাষ হচ্ছে ফসল। সর্বত্র সবুজ ধানে ছেয়ে গেছে ফসলের ক্ষেত। আবার কোথাও ডাকাতিয়ায় ভরে রয়েছে হাজামজা-কচুুরিপানা। নদীর পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা তাদের জীবিকা নির্বাহে মাছ ধরতে পারছে না। তাদের পরিবারে নেমে এসেছে অন্ধকার। উপজেলার বাঙ্গড্ডা, রায়কোট, মৌকারা, ঢালুয়া, সাতবাড়িয়া ও বক্সগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহমান। পানি কমে যাওয়ায় এই নদী, শাখা নদী ও বিভিন্ন খালে চাষ হচ্ছে ইরি-বোরো।
কৃষকরা জানান, ডাকাতিয়া নদী খননের উদ্যোগ নিলে শুকনো মৌসুমে নদীতে পানি ধরে রেখে পার্শ্ববর্তী ফসলি জমিতে সহজেই ইরি-বেরো ধানের আবাদ করা সম্ভব হতো। এছাড়া, নদীতে পানি থাকলে স্থানীয় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারতো। প্রায় দুই বছর আগে এই নদীর রায়কোটের কিছু অংশ ও শাখা খালে কিছু খনন করা হলেও দায়সারাভাবে করায় তা কোন কাজে আসছে না। এলাকাবাসী ডাকাতিয়া বাঁচাতে নদী খনন ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।