ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোক্তারপুর হাওরে চেগুয়ার খাল এলাকায় বিএডিসির অর্থায়নে ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ড্রেন নির্মাণ কাজের একাংশ শেষ না হতেই নির্মাণ কাজে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে প্রতিবাদমুখী হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের প্রতিবাদের কারণে গত এক সপ্তাহ ধরে নির্মাণ কাজ বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা।
এদিকে বিএডিসির সিলেটের সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়মের সত্যতা পেয়ে ফাটলকৃত অংশ ভেঙ্গে পুনরায় নির্মাণ কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।
বিএডিসির অর্থায়নে উপজেলার পশ্চিম পৈলনপুর ও সাদিপুর ইউনিয়নের একাংশ প্রায় ১৫টি গ্রামের কৃষকরা ১৯৭৪ সাল থেকে মাটির ড্রেনে মাধ্যমে পানি সেচ দ্বারা হাওর এলাকায় বোরো আবাদ করে আসছিল। স্থানীয় সংসদ সদস্য এয়াহ্ইয়া চৌধুরী সহযোগিতায় ও বিএডিসির অর্থায়নে ৯ লাখ টাকা ব্যয়ে চেগুয়ার খালে ড্রেন নির্মাণের কাজ পায় কুমিল্লার আদনান এন্টারপ্রাইজ। ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক গুলজার আহমদ এলাকার কতিপয় ব্যক্তির মাধ্যমে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় ইউপি সদস্য এখলাছুর রহমান, চানপুর গ্রামের কামাল উদ্দিন, আবু জায়েদ চৌধুরীসহ অনেকেই জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান যাদের প্রতিনিধি করে কাজ করাচ্ছে তারা এলাকার চিহ্নিত দালাল। এর পূর্বে ওরা দুই লাখ পঁচিশ হাজার টাকার কাজ এনে অধিকাংশ টাকা আত্মসাত্ করে নিয়েছে।
আদনান এন্টারপ্রাইজের পরিচালক গুলজার হোসেন বাবু বলেন, ইঞ্জিনিয়ার সাইড পরিদর্শন করেছেন। তিনি যেভাবে বলে গেছেন পরবর্তী কাজ সেভাবেই হবে।
বিএডিসির সিলেটের সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম বলেন, ফাটলকৃত অংশ মেরামত করে পরবর্তী কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
