সাঙ্গাকারাই দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১০:৩৪


দল হারুক কিংবা জিতুক ব্যক্তিগতভাবে বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার পণ নিয়েই যেন মাঠে নেমেছেন কুমার সাঙ্গাকারা। প্রথম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির রেকর্ড গড়েন সাঙ্গাকারা। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ক্রিকেট প্রথমবারের মতো দেখলো এমন ঘটনা। ফলে সিডনিতে কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন এই বাঁহাতি।
অবিশ্বাস্য ফর্মে থাকা সাঙ্গাকারাকে  থামাতে তাই আলাদা পরিকল্পনা সাজিয়েছেন রাসেল ডোমিনগোও। দক্ষিণ আফ্রিকার এই কোচ গত সোমবার বলেন, ‘সে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। ইতোমধ্যেই এক নাগাড়ে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছে এবং তাকে অল্প রানে থামিয়ে দেয়ার জন্য আপনাকে ভাবতে হবে। আমাদের কিছু পরিকল্পনা আছে এবং তার বিরুদ্ধে আমাদের কিছু কিছু বিষয় বাস্তবায়ন করতে হবে, যা আমরা কিছুটা আলোচনা করেছি।’
আফগানিস্তানের বিপক্ষে মাত্র সাত রানে আউট হওয়া সাঙ্গাকারা পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৩৯। এরপরই সেই রেকর্ড যাত্রা। ৩৭ বছর বয়সী এ তারকা খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ এবং স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন ১২৪।