ডাকাতির প্রস্তুতিকালে যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের সর্দার ও কুখ্যাত কিলার ইউনুস আলী (৩৮) নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া এলাকার সিনজেনটা ওষুধ কোম্পানির অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা, অবিস্ফোরিত বোমার আলামত, দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। ইউনুসের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা, ৬টি অস্ত্রসহ ৪১টি মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন ডিউিট অফিসার এসআই বিধান। তিনি ইত্তেফাককে জানান, সোমবার রাত দুইটার পরে যশোর-মাগুরা মহাসড়কের যশোরের পাঁচবাড়িয়া এলাকায় একদল ডাকাত রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল মুহর্মুহ বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট চলে এ ঘটনা ঘটে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ সেখানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। এ সময় পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সকালে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। নিহত ব্যক্তি ইউনুস আলী কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ডাকাত সর্দার ও কুখ্যাত কিলার। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাত বোমা, বিস্ফোরিত বোমার আলামত, রামদা, দুইটি শাবল, একটি কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে একই স্থানে যশোর সদর উপজেলার ইছালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ২১ দিন পরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি।
