কথার অমান্য করা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। সোমবার রাত আনুমানিক আটটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হতাহত চাচা-ভাতিজা উভয়ই এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া মিস্ত্রি পাড়ার আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে কোপা সালাম রাতে বাড়ির পাশ্ববর্তী আব্দুল বারিকের চায়ের দোকানে যান। চা দোকানী বারিক এ সময় তার কাছে দোকান বাকীর ১৫২ টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। মদ্যপ সালাম এ সময় চরম ক্ষিপ্ত হয়ে পকেট থেকে টাকা বের করে পাশে থাকা ভাতিজা শহিদুলের হাতে দিয়ে দোকানীকে পরিশোধ করতে বলেন। ভাতিজা শহিদুল এতে অসন্তোষ প্রকাশ করে এবং চাচার কথা অমান্য করে। এতে ক্ষিপ্ত হয়ে চাচা সালাম তাকে চড়-থাপ্পর দেয়। অপমানিত ভাতিজা প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে বাড়ি ফিরে আসে। এ সময় চাচা সালামও তার পিছন পিছন আসে। প্রতিশোধ নিতে শহিদুল ঘর থেকে হাসুয়া এনে চাচা সালামকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সালামের লাশ রাতেই পুলিশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মঙ্গলবার চুয়াডাঙ্গা মর্গে পাঠায়। তবে পুলিশ এখন পর্যন্ত শহিদুলকে গ্রেফতার করতে পারেনি।
