পাটগ্রামে জঙ্গি প্রশিক্ষণক্যাম্পের সন্ধান, ১৩ শিবিরনেতা আটক

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৫:২৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর শিফাইরকামাত গ্রামে জঙ্গিপ্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জন শিবিরনেতাকে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুরে ওই প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। জামায়াতের  নেতৃত্বে এটি পরিচালিত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্যাম্প হতে বিপুল পরিমান জিহাদি বই ও প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ও ওসি (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রহমতপুর এলাকার জঙ্গিপ্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের বিভিন্ন উপকরণসহ বাড়ির মালিক জামায়াত নেতা আয়নাল হক প্রধান (৩২), পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাফিউল হোসেন (১৭), মোশাররফের ছেলে ফরহাদ হোসেন (১৭), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু (২৫), সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ হাসান (২২), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় আমিনুল হকের ছেলে আলতাফ হোসেন (২২), মাহবুব আলমের ছেলে নুর আলম (১৬), কচুয়ারপাড় এলাকার বদিয়ার রহমানের ছেলে নুর হুদা (১৯), হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুর রহিম (২০), একই উপজেলার বড়খাতা ইউনিয়নের আহম্মেদ হোসেন আলীর ছেলে শমসের আলী (৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নান্দিশহর এলাকার সহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রতন মিয়া (২২)। 
পাটগ্রাম থানার ওসি তদন্ত মাহফুজ আলম সাংবাদিকদের জানান, উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় স্থানীয় জামায়াতের অগ্রগামী রোকন সদস্য আয়নাল হক প্রধানের বাড়িতেই গোপনে জঙ্গিপ্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলা হয়। সেখানে ছোট ছোট উপ-দলে ভাগ করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শিবির নেতাদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ ধরণের বিশ্বস্তসূত্রের সংবাদ পেয়ে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। এদের মধ্যে কেন্দ্রীয় শিবিরের নেতা লালমনিরহাটের বড়খাতার শমসের আলী ও গাইবান্ধার পলাশবাড়ির মোহাম্মদ রতন মিয়া ওই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। 
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, জঙ্গিপ্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩ শিবির নেতাকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।