কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুল হক ভূঁইয়া শাকিল (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পোস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল হক ভূঁইয়া দেবিদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও জেলার বুড়িচং উপজেলার কাবিলা গ্রামের সামছুল হক ভূঁইয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস উপলক্ষে জেলার মুরাদনগর উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করতে সাইফুল হক ভূঁইয়া শাকিল মঙ্গলবার দুপুরের দিকে মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। তিনি দেবিদ্বার পোস্ট অফিসসংলগ্ন স্থানে পৌঁছলে সুগন্ধা পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-জ-০৪৯৬) তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাইফুল হক ভূঁইয়া শাকিলকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।
